নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা দৈনিক কক্সবাজার ৭১-এ প্রকাশিত একটি সংবাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী শেখ হাসিনাকে পত্রিকাটির এক প্রতিবেদনে এখনো “প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত ওই প্রতিবেদনে সচিবালয়ে অনুষ্ঠিত একটি সভার প্রসঙ্গ তুলে লেখা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে…”। বিষয়টি নজরে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়। অনেকে এটিকে “অসাবধানতাবশত ভুল” বললেও অন্যরা এটিকে “উদ্দেশ্যপ্রণোদিত” বলেও মন্তব্য করছেন।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। অথচ একই প্রতিবেদনে বর্তমান সরকারের মন্ত্রীর নাম উল্লেখ থাকলেও শেখ হাসিনাকে “প্রধানমন্ত্রী” হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন উঠেছে সংবাদ সম্পাদনা ও যাচাই প্রক্রিয়া নিয়ে।

এ ঘটনায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. বেলাল উদ্দীন বেলালকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অতীতে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা প্রতীককে কেন্দ্র করে প্রচারণা চালিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো পোস্টার ও প্রচারণামূলক ছবিও নতুন করে আলোচনায় এসেছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে “পুরোনো টেমপ্লেট ব্যবহারজনিত ভুল” বললেও অন্যরা দাবি করছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের উপস্থাপন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সচেতন মহলের মতে, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে তথ্য উপস্থাপনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা। বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে অসঙ্গতি বা বিভ্রান্তিকর উপস্থাপন জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পত্রিকার পক্ষ থেকে ব্যাখ্যা আসা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
Leave a Reply