বিজ্ঞাপন:
পরীক্ষার হলে অথৈ পানি, বেঞ্চে পা তুলে লিখলেন এসএসসি পরীক্ষার্থীরা

পরীক্ষার হলে অথৈ পানি, বেঞ্চে পা তুলে লিখলেন এসএসসি পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: জলাবদ্ধতার মধ্যে বেঞ্চে পা তুলে বসে এসএসসি পরীক্ষা দিতে দেখা গেছে পরীক্ষার্থীদের। একই পরিস্থিতিতে হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এক শিক্ষিকাকেও চেয়ারে পা তুলে বসে থাকতে দেখা যায়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পরে কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষাকেন্দ্রের কক্ষে পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। পানি এড়িয়ে উত্তরপত্র লেখার জন্য অনেকেই বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে বাধ্য হন।

এ সময় দায়িত্বে থাকা হল পর্যবেক্ষকের অবস্থাও ছিল একইরকম। তাকেও চেয়ারের ওপর পা তুলে বসে থাকতে দেখা যায়, যা কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতির চিত্র তুলে ধরে।

সংশ্লিষ্টদের ভাষ্য মতে, সামান্য বৃষ্টিতেই কেন্দ্রটিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া নতুন কিছু নয়। যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবেই প্রতিবছর এমন পরিস্থিতি তৈরি হয়, যা পরীক্ষার্থীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ বলেন, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের জলাবদ্ধতার বিষয়টি আমরা জেনেছি এবং এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নিচতলার কয়েকটি কক্ষে পানি ঢুকে পড়েছিল। সেসব কক্ষ থেকে পরীক্ষার্থীদের সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্র সচিব এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, আগামী পরীক্ষাগুলো ওই কেন্দ্রে অন্য কক্ষে নেওয়া হবে কিনা, কিংবা পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে স্থানান্তর করা হবে কি না এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com