চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের প্রতিবন্ধী মো. হোসেনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসায় তাকে নগদ আর্থিক সহায়তা ও ৫০ কেজি চাল প্রদান করা হয়েছে।
সোমবার(১৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন এই সহায়তা প্রদান করেন।
মো. হোসেন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড চরকচ্ছপিয়া গ্রামের শাহে আলম সর্দারের ছেলে। তিনি স্ত্রী জেসমিন ও তিন সন্তানকে নিয়ে চরকচ্ছপিয়া কবির মোজাম্মেল হক আবাসনের ৮৪ নম্বর ঘরে বসবাস করছেন। তার বড় মেয়ে হাফছা মনি (১০) স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এছাড়া ছোট মেয়ে হাফিজা (৫) এবং ছেলে হাফিজুর রহমান (৩) রয়েছে।
জানা যায়, প্রায় ১৫ বছর ধরে বাম পায়ের জটিল অসুস্থতায় ভুগছেন মো. হোসেন। এর ফলে তিনি স্বাভাবিক জীবনযাপন ও উপার্জনমূলক কাজের সক্ষমতা হারিয়েছেন। একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি থাকলেও বর্তমানে তার পরিবার চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছে।
তার দারিদ্র্যেতার কথা সাংবাদিক হাসান লিটন পত্র-পত্রিকায় তুলে ধরলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ নিয়ে তাকে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের জন্য ৫০ কেজি চালও দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. হোসেন। তিনি বলেন, সাংবাদিক হাসান লিটন আমার দুঃখ-দুর্দশার খবর প্রকাশ করায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়েছে, ফলে আমি এই সহায়তা সহ প্রায় ৩০ হাজার টাকা সহয়তা পেয়েছি। আমি সাংবাদিক ও প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, সরকার সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছে। মো. হোসেনের দুরবস্থার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সহায়তার ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply