বিজ্ঞাপন:
       
দিনাজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

দিনাজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

স্থানীয় রিপোর্ট :: দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ৩টা ২৫ মিনিটে ব্যাংকটির চিরিরবন্দর উপজেলার নশরতপুর শাখায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্বৃত্তরা ব্যাংকের সামনে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের বারান্দায় আগুন ধরে যায়। এসময় বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা পরিদর্শন করেছেন। তাদের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় নিরাপত্তাকর্মী মো. আব্দুল হাকিম জানান, দুজন মোটরসাইকেলে করে ব্যাংকের সামনে আসেন। এসেই একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন লাগিয়ে ব্যাংকের ভেতরে নিক্ষেপ করেন। পরে দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তারা। মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারিনি।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এরআগে ১৮ নভেম্বর পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখা কার্যালয়ে আগুন দেওয়া হয়। সদর উপজেলার শেখপুরা শাখায়ও পেট্রোলবোমা ছুড়ে মারা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com