বিজ্ঞাপন:
সম্মেলন কেন্দ্রীক দুর্ভোগ: জামায়াতের আগাম দুঃখ প্রকাশ

সম্মেলন কেন্দ্রীক দুর্ভোগ: জামায়াতের আগাম দুঃখ প্রকাশ

জাকির হোসেন,নিজস্ব প্রতিবেদক: পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শনিবারের জাতীয় সমাবেশে কয়েক লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করবেন, যার ফলে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তবে সেই দুর্ভোগ যতটা সম্ভব সীমিত রাখা যায়, সেজন্য দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শুক্রবার রাত থেকেই স্থল, নৌ, সড়ক ও রেলপথে মানুষ ঢাকায় প্রবেশ শুরু করবে। আমরা চাই, কেউ যেন হয়রানির শিকার না হন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন জাতীয় সমাবেশটি সম্পন্ন হয়।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা সারা দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমাদের সমাবেশটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি।

লাখ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করার কারণে হয়তো যানজট হবে, যার ফলে জনদুর্ভোগ তৈরি হতে পারে। এজন্য আমাদের আমিরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীবাসীসহ দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’

এ সময় সমাবেশ নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা দেবেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com