ডেস্ক রিপোর্ট :: ঢাকায় গেলে নয়নের জালে ধরা খাইতে হবে, তোমাদের আপা আর আইবো না, আপা মারা গেছে।’ রাজধানীর জিগাতলায় ছাত্রলীগের এক নেতাকে আটক করে এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে ওই নেতাকে বাসার আলমারি থেকে বের করে কলা খাইয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি যুবদল নেতা নয়ন ঢাকায় থাকা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। বিষয়টি এখন টক অব দ্য টাউন। কিছুদিন আগে ‘আওয়ামী লীগপন্থি’ এক আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠে নয়নের বিরুদ্ধে। রায়হান রনি নামে ওই আইনজীবীর অভিযোগ, আওয়ামী লীগ সন্দেহে তাকে কালভার্ট রোড এলাকায় মারধর করে পল্টন থানা পুলিশের হাতে তুলে দেন রবিউল ইসলাম নয়ন ও তার নেতাকর্মীরা। এ হামলায় তার মাথায় ১০টি সেলাই দিতে হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার রাতে যে ভিডিটি ভাইরাল হয়েছে, সেখানেও দেখা গেছে একই দৃশ্য। জিগাতলায় ছাত্রলীগের ওই নেতাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে নয়ন তাকে কলা খাওয়ান। এ সময় আওয়ামী লীগ সভানেত্রী ও পতিত সরকারের প্রধান পদে থাকা শেখ হাসিনা, যাকে তার দলের নেতাকর্মীরা ‘আপা’ সম্বোধন করেন; তিনি ‘মারা গেছেন’ বলে উচ্চারণ করেন নয়ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, জিগাতলার একটি বাসা থেকে একজন ছাত্রলীগ নেতাকে বের করে আনছেন নয়ন ও তার লোকজন। এ সময় নয়ন বলেন, ‘আরে, রাজনীতি আমরাও করছি। ও ছাত্রলীগ করে (পাকড়াও করা যুবককে দেখিয়ে), ওর ছোট ভাই করে। ওর বাবা আওয়ামী লীগের বড় নেতা। বাবা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার। ওই হিসাবে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ করত।’

ছাত্রলীগের ওই নেতা নয়নদের কাছে নিজেকে শুধু ‘ছাত্র’ বলে পরিচয় দেন। এ সময় নয়ন তাকে প্রশ্ন করেন, ‘তোমাদের সবার পদ-পদবি আমি বলব? তোমার কি মনে হয়, এই রাত ২টা বাজে আমি তোমার কাছে তোমার কোনো ইনফরমেশন ছাড়াই আসছি?’
তিনি আরও বলেন, ‘আমি তোমাদের বারবার বলতেছি, এ যে গোপালগঞ্জসহ ঢাকাশহরে কোনো জায়গায় ঢুকলেই নয়নের নেটওয়ার্কে বাড়ি খাবে। তার পরও তোমরা ঢাকায় আইসা নাশকতার চেষ্টা করো! এটা হয়? বলো… প্রত্যেকটা দিন আমি বলতেছি, ঢাকা শহর আসলেই নয়নের নেটওয়ার্কে বাড়ি খাবে; খাইতেই হবে। এটা তো কারেন্ট জাল বিছানো, এ জালের নেটওয়ার্ক কেউ জানে না।’
যুবদল নেতা নয়ন বলেন, ‘তুমিতো কালকে কোর্টে যাবা, কোর্টে গেলে সবাইরে বলবা যে- সব জায়গায় যা, ঢাকায় যাইস না। ঢাকায় গেলে নয়নের জালে ধরা খাইতে হবে। ঠিক আছে? আর আপা আইবো না; আপা মারা গেছে।’
পরে ওই যুবককে তার ছোট ভাইয়ের আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের ভিডিও দেখিয়ে নয়ন বলেন, ‘এটা কে? তোমরা যেমন মিছিলে বলেছ, গোপালগঞ্জে সবেমাত্র শুরু হইল; আমিও তোমাকে বলি, গোপালগঞ্জ আজকে থেকে সবেমাত্র শুরু হইল।’
একপর্যায়ে যুবকটিকে একটি কলা নিজ হাতে খাইয়ে দেন নয়ন। এ সময় তিনি বলেন, ‘আমি নাকি ওদেরকে মারি; নেও, কলা খাও। এত রাতে আর ভালো ফল কোথায় পাবো? তোমরা তো আমারে শুধু বানাইছো। আমি ভালোবাইসা কলা খাইওয়াতাছি। আপা আইলে আপারে কইস, তোরে একটা কলা খাইওয়াই দিতে।’ এর পর নিজেও একটি কলা খান নয়ন।

এ সময় তিনি আরও বলেন, ‘এখন তো তোদেরকে প্রতিদিন দামি দামি ফল খাওয়াইতেছি, দেখছোস না?’ পরে তিনি ওই যুবকের মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভাই, সব আইডেন্টিফাই হয়ে গেছে, যা; দে, মোবাইলটা দে।’
‘শরীয়তপুরটা জ্বালিয়ে খাইছে, ওরা যা করছে, তারে এক পারসেন্ট দিয়া দেন ভাই’, উপস্থিত বিক্ষুব্ধদের এমন মন্তব্যের প্রেক্ষিতে নয়ন বলেন, ‘না, মারা যাইবো না; কেউ মাইরো না।’
পরে ধৃত যুবককে পুলিশ নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন- ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর। আপা আপা করিস না, তোদের আপা আইবো না। কিসের আবার ডিসেম্বর, ধইরা ধইরা জেলে ভর।’
এর আগে রাজধানীর পল্টন এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে।
Leave a Reply