মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তিনটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত ২টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন বনচৌকি এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা।
একই দিন সকাল ১১টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন হাজিটারী এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তাঁরা বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জব্দ করা ৬৭ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৬ হাজার ৮০০ টাকা এবং ২৮৮ পিস ইয়াবার সিজার মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদকের সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply