খাজা রাশেদ,লালমনিরহাট।। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নিরাপত্তামূলক তৎপরতা জোরদার করেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এর অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন, পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট বিওপির ক্যাম্প কমান্ডাররা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের দায়িত্বরত ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি, এবং দুর্গাপূজা উদ্যাপন ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন বিজিবির অধিনায়ক। এ সময় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের পরিবেশ বজায় রাখা, এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়টি গুরুত্ব পায়।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশেষ নজরদারি জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি। পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
এদিকে, পূজামণ্ডপ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন বিজিবির অধিনায়ক। এতে পূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি ও বিজিবির কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

সীমান্তবর্তী পাটগ্রামে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ তৎপরতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।
Leave a Reply